ইমরান আহমদ,গোয়াইনঘাট প্রতিনিধি
“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে, দালাল নয়—মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী” এই স্লোগানকে সামনে রেখে সিলেটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) গোয়াইনঘাট উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
আজ সোমবার (১১ মে, ২০২৬) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে একযোগে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফারিয়া গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি খন্দকার দিধারুল ইসলাম ও
সাধারণ সম্পাদক অপূর্ব দাস সহ উপজেলার বিভিন্ন কোম্পানিতে কর্মরত বিপুল সংখ্যক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ঔষধ শিল্প আজ জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই শিল্পের প্রসারে সারা দেশে প্রায় তিন লক্ষাধিক উচ্চশিক্ষিত ও দক্ষ প্রতিনিধি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তারা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ তথ্য, ঔষধের কার্যকারিতা ও সঠিক ব্যবহারবিধি চিকিৎসকদের কাছে পৌঁছে দিয়ে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, কর্মক্ষেত্রে তারা প্রায়ই অবমাননা ও মানসিক নিগ্রহের শিকার হচ্ছেন। বক্তারা আরও অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে শিক্ষিত এই প্রতিনিধিদের ‘দালাল’ হিসেবে অভিহিত করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এই ধরণের অপবাদ তাদের ও তাদের পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করছে। অবিলম্বে এই অবমাননাকর আচরণ বন্ধ করে পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে ফারিয়া গোয়াইনঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লিখিত প্রধান দাবিগুলো হলো:
১. মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন।
২. সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কাজের সুষ্ঠু ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা।
৩. ‘দালাল’ বা অন্য কোনো অবমাননাকর সম্বোধন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
৪. প্রতিনিধিদের নিরাপত্তায় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ।
ফারিয়া নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই ন্যায্য দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে নিয়োজিত এই বৃহৎ জনগোষ্ঠীর সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
কর্মসূচিতে গোয়াইনঘাট উপজেলা ফারিয়ার স্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।