মাওলানা হোসাইন আহমদ, বিশেষ প্রতিনিধি
সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ সারওয়ার আলম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে নিয়োগ দেওয়া পর আজ তিনি নিজ কর্মস্থলে যোগদান করেছেন।
সারওয়ার আলম এর আগে ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি, ভেজালবিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছিলেন।
সিলেটে ডিসি পদে যোগদানের পূর্ব পর্যন্ত তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালনরত ছিলেন।
১৯৮৩ সালে তার শিক্ষাজীবন শুরু হয় বাড়ির পাশের ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ১৯৯৩ সালে পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয় (বর্তমান পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়) থেকে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগ পেয়ে ভর্তি হন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে।
১৯৯৫ সালে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে ২০০৫ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর পাস করেন তিনি। সারওয়ার আলম ২০০৮ সালে ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে যোগ দেন প্রশাসনে।
মোঃ সারওয়ার আলম একজন আদর্শবান অফিসার হিসেবে সারা দেশে সুপরিচিত। তিনি সিলেটের নতুন ডিসি হিসেবে যোগদান করায় সিলেটবাসী আনন্দিত।