স্টাফ রিপোর্টার:
মাদক, চুরি, ছিনতাই, অন-ইসলামিক ও অসামাজিক কার্যকলাপ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রতিবাদ র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সচেতনতামূলক পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রথমে একটি প্রতিবাদ র্যালি বের করা হয়, যা এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে জনসাধারণকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা হয়।
পরবর্তীতে এ্যাডভোকেট ও মাওলানা জাকির হামিদীর সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক ও গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন। সভাটি ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত, যেখানে অংশগ্রহণকারীরা এলাকার উন্নয়ন, সামাজিক মূল্যবোধ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ্ব নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম ভূঁইয়া, আলহাজ্ব আবুল কাশেম পাটওয়ারী, আলহাজ্ব নূরুল আলম ভূঁইয়া, আলহাজ্ব আলমগীর শরীফ এবং এ্যাডভোকেট খায়রুল আলম মিন্টু শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল হাসেম পাটোয়ারী, শিকদার জাহাঙ্গীর, কাজী আইয়ুব আলী, আলহাজ্ব জাহাঙ্গীর আলম গাজী, আলী হোসেন সরকার, হাজী রাসেল এবং ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। তারা বলেন, সমাজের সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। একই সাথে সামাজিক অবক্ষয় রোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের ওপর জোর দেন বক্তারা।
সভাপতির বক্তব্যে মাওলানা জাকির হামিদী বলেন, সমাজকে এগিয়ে নিতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্য অপরিহার্য। তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের সভা-সমাবেশ আরও বেশি আয়োজনের আহ্বান জানান। তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত মানবিকতার পরিচয় এবং এই লক্ষ্য অর্জনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন আয়োজকরা। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।