এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের তিনদিন পর মমতা (১১) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (৬ সেপ্টেম্বর) ৪ টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তল্লা বদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। শিশুটির সাথে কি হয়েছে, কি কারনে এমন ঘটনা তার সঠিক কারন এখন পর্যন্ত নির্ণয় করতে পারেনি পুলিশ। তাঁরা বলছেন ময়নাতদন্তের পরই জানা যাবে আসল কারণ।
মমতা ওই এলাকার মিনহাজুল ইসলামের মেয়ে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব ৩০০ ফিট দূরে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু মমতা গত ৪ সেপ্টেম্বর তল্লা বদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। ওইদিন সকালে স্কুলে যাবার পথে নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও পুলিশ অভিযান চালিয়েও কূলকিনারা পাচ্ছিলেন না। আজ পুকুরের পাশ এক মহিলা হেঁটে যাওয়ার সময় বিকট গন্ধে সন্দেহ হলে আশেপাশের লোকজনকে জানালে তারা এসে মমতার মরদেহ দেখতে পেলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।