• বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
  • [gtranslate]

জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা, অভিযুক্ত শনাক্তে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

মোঃ মুনজুর আলম, স্টাফ রিপোর্টার:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীর ওপর ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গত ১২ মে রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।
আজ সকালে আশুলিয়া থানা-এ মামলাটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার উপ-রেজিস্ট্রার মো. গাফরুল হাসান চৌধুরী। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোরিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তদন্তে ডিবি পুলিশ ও র‍্যাব-এর সদস্যরাও যুক্ত হয়েছেন। দ্রুত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পুরনো ফজিলাতুন্নেসা হলের পরিত্যক্ত ভবন ও আল বেরুনী হলের সম্প্রসারিত অংশের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তিনি ওই সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় এক অজ্ঞাত ব্যক্তি তাকে অনুসরণ করতে শুরু করে। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তার গলায় কাপড়জাতীয় কিছু পেঁচিয়ে পাশের ঝোপে টেনে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।
এ সময় কয়েকজন মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী ভুক্তভোগীর চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পাশাপাশি অটোরিকশায় থাকা প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলী চিশতি প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা মনে করলেও পরে ভুক্তভোগীর কাছ থেকে ধ*র্ষণচেষ্টার বিষয়টি জানতে পারেন। এরপর স্থানীয় শিক্ষার্থী ও উপস্থিত লোকজন মিলে অভিযুক্তকে খুঁজতে শুরু করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার উপ-রেজিস্ট্রার গাফরুল হাসান জানান, শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালান। তবে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি। পরে ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রশিদুল আলম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনের মুখ স্পষ্টভাবে দেখা গেছে এবং তার পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। ঘটনাটিকে গভীর উদ্বেগজনক উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd