মোঃ রায়হান পারভেজ নয়ন, নীলফামারী ডিমলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলটির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় তারা ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।
ত্রাণ বিতরণে নেতৃত্ব দেন বিএনপি জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ গোলাম রাব্বানী ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লিটন ইসলাম ও জাহাঙ্গীর ইসলাম। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতারা জানান, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহরিয়ার ইসলাম তুহিন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাইয়ের উদ্যোগে এ সহায়তা দেওয়া হচ্ছে। এটি কেবল সূচনা; ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তারা।
বন্যাকবলিতদের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ে দ্রুত ও পর্যাপ্ত ত্রাণ প্রদানের আহ্বান জানিয়ে নেতারা বলেন, “পানি কমলেও মানুষের কষ্ট শেষ হয়নি। পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত সহায়তার ধারা অব্যাহত রাখা জরুরি।”