ব্যুরো প্রদান খুলনা:
খুলনা নগরীর রেলওয়ে নিউ কলোনী এলাকা থেকে নাজমুল (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল আনুমানিক ১০টার দিকে নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পরিবার পুলিশকে খবর দেয়।
নিহত নাজমুল একই এলাকার বাসিন্দা আলী আহমেদ ফারাজীর ছেলে। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, তিনি গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন।
খুলনা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার রাতে নাজমুল তার বাবার কাছে ২ হাজার ৫০০ টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিমান করে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এর আগেও কয়েকবার এমনভাবে বাড়ি থেকে চলে যাওয়ার ঘটনা ঘটায় পরিবার বিষয়টি গুরুত্ব দেয়নি।
রবিবার সকালে বাবা আলী আহমেদ ফারাজী ছেলের খোঁজ নিতে গিয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক অভিমানের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল দীর্ঘদিন ধরে বেকার ছিলেন এবং মাঝে মাঝে ছোটখাটো কাজ করতেন। তিনি এলাকায় শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন এবং কোনো ধরনের বড় বিরোধে জড়ানোর তথ্য পাওয়া যায়নি।
নাজমুলের আকস্মিক মৃত্যুতে রেলওয়ে কলোনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।