মোঃ আছাদুল হক, কয়রা (খুলনা) থেকে
খুলনার কয়রায় আফরিন (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কয়রা থানা পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ২ নম্বর কয়রা মালীবাড়ি এলাকায় নিজ বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে। আফরিন ওই এলাকার আছাদুল মালীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের পাশে কাঠের একটি খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় আফরিনকে দেখতে পান। পরে তারা দ্রুত থানায় খবর দেন।এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, যে খুঁটিতে আফরিনের মরদেহ ঝুলে ছিল, সেটি তার উচ্চতার চেয়ে নিচু। ফলে এটি আত্মহত্যা নাকি হত্যা—তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেন বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যা না আত্মহত্যা—তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
এদিকে, এ ঘটনায় আফরিনের পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।