স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক ব্যতিক্রমী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সুজাতুর রেজা’র উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত টানা দুই ঘণ্টা এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলে।
পরিচ্ছন্নতা অভিযানটি জগন্নাথপুর পৌর পয়েন্টের সামনে থেকে শুরু হয়। এরপর হেলিপ্যাড রোড প্রদক্ষিণ করে জগন্নাথপুর তরকারি বাজার এবং বাজারের বিভিন্ন গলি ও মোড়ে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। স্বেচ্ছাসেবীরা নিজ হাতে প্লাস্টিকের পলিথিনে করে আবর্জনা সংগ্রহ করেন এবং পরবর্তীতে ময়লার গাড়ির মাধ্যমে সেগুলো নির্দিষ্ট স্থানে অপসারণ করা হয়। অভিযানটি জগন্নাথপুর বাজার হয়ে ইকড়ছই মাদ্রাসা রোডে গিয়ে সমাপ্ত হয়।
পরিচ্ছন্নতা অভিযান শেষে সুজাতুর রেজা জানান, জগন্নাথপুর পৌরসভাকে একটি স্বাস্থ্যকর ও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণের দুর্ভোগ লাঘবে এই পরিচ্ছন্নতা কার্যক্রম আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে।
এই মহতী উদ্যোগে স্বেচ্ছাসেবী হিসেবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন আবু লেস, আব্দুল মতিন, সালাম, সেলু মিয়া, কালাম হোসেন, আতিকুর রহমান আতিক, রাজু আহমেদ, এমরান হোসেন, রেজুয়ান, তুহা, আবু তাহের, হালিম, ময়না মিয়া, ইমাদ হোসেন, চদরুল, শিশু মিয়া, বাদশা প্রমুখ।
শহরের ব্যবসায়ীরা ও সাধারণ পথচারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং শহর পরিষ্কার রাখতে এমন কার্যক্রমের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।