মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলায় একটি ভুট্টা খেত থেকে পুলিশের পোশাকসহ সন্দেহজনক কিছু সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, উত্তর সোনাখুলী গ্রামের ঝগড়ুর টাড়ী সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে কৃষিকাজ করতে গিয়ে কয়েকজন কৃষক পরিত্যক্ত অবস্থায় কিছু জিনিসপত্র পড়ে থাকতে দেখেন। পরে এগুলো কাছ থেকে দেখে তারা বুঝতে পারেন, সেগুলোর মধ্যে পুলিশের পোশাক, একটি নেমপ্লেট, সিমকার্ড এবং একটি ধারালো চাকু রয়েছে।
নির্জন স্থানে এমন সামগ্রী পড়ে থাকার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়। অনেকেই ধারণা করছেন, কোনো অপরাধী চক্র অপরাধ সংঘটনের আগে বা পরে এসব সরঞ্জাম সেখানে ফেলে রেখে গেছে।
ঘটনার খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, উদ্ধার হওয়া সামগ্রীর উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে বলে জানা গেছে।