কলমেঃ রূপা রানী সরকার
মাঠের পরে মাঠ ছিল যে সোনালী ধানের হাসি, রাতারাতি সেখানে আজ জলের রাশি রাশি। বুকের রক্ত পানি করে বুনেছিলাম আশ, এখন দেখি চারদিকে শুধু জলেরই পরিহাস।
কোথাও নেই একমুঠো ধান, সবই গেছে তলে, কৃষক বসে কাঁদছে একা দুচোখ ভরা জলে। সন্তানের ঐ হাসিমুখ আর চালের খালি হাঁড়ি, কেমন করে কাটবে দিন—ভাবছে গাঁয়ের বাড়ি।
আষাঢ় এলো অঝোর ধারায়, ভাসিয়ে নিলো সব, উঠোন জুড়ে আজ যে কেবল শোকের কলরব। মাটির মানুষ মাটির দিকেই তাকিয়ে আছে চেয়ে, হাড়ভাঙা ঐ খাটুনিগুলো কোথায় গেল ধেয়ে?
বিধাতার কাছে দু’হাত তুলে বলছে কেঁদে চাষি, “সব তো নিলি, এবার কি মোর গলায় দিবি ফাঁসি?” স্বপ্নগুলো পচছে জলে, ধানের ডগা ম্লান, হাহাকারে গুমরে মরে কৃষকের ঐ প্রাণ।