খুলনা আর্ট একাডেমি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তাই সাংস্কৃতিক অঙ্গনের প্রতিটি মানুষের কর্মকাণ্ডের সঙ্গে এই প্রতিষ্ঠানের গভীর সম্পর্ক রয়েছে। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস সবসময় শিল্প ও সাংস্কৃতিক জগতের গুণীজনদের হৃদয়ে ধারণ করেন।২৯ এপ্রিল বেলা ১১টায় আলোচিত চলচ্চিত্র দেলুপি-র অন্যতম প্রধান চরিত্র রুদ্র রায় এবং অভিনয়শিল্পী শুভ্র মণ্ডল খুলনা আর্ট একাডেমিতে আসেন। এ সময় চিত্রশিল্পী মিলন বিশ্বাস তাঁদের সঙ্গে চলচ্চিত্র জগত ও সাংস্কৃতিক অঙ্গনের নানা বিষয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন।আলোচনার একপর্যায়ে রুদ্র রায় জানান, আগামী ১ মে ২০২৬, শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে খুলনার আলোচিত চলচ্চিত্র দেলুপি-র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। তিনি চিত্রশিল্পী মিলন বিশ্বাসের হাতে সিনেমা দেখার একটি পাস তুলে দেন।এ সময় মিলন বিশ্বাস বলেন, “তোমরা আমাদের গর্ব। সিনেমার জগৎ শৈশবে মানুষের কাছে অনেক আনন্দের ছিল, যা পরবর্তীতে হারিয়ে যেতে বসেছিল। আবার তোমাদের প্রচেষ্টায় খুলনার নবীনরা সুন্দরভাবে সারা দেশ ও দেশের বাইরেও সুনাম অর্জন করছে। তোমরা এই সিনেমা জগতকে নতুন করে প্রাণ দান করছো এবং দর্শকদের মনে আনন্দ ও শান্তি ফিরিয়ে এনেছো।”তিনি আরও বলেন, “আমরা ধন্য তোমাদের মতো ছোট ভাইদের পেয়ে।” এরপর তিনি রুদ্র রায়কে আশীর্বাদ করেন এবং খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে একটি ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন জানান। রুদ্র রায় এতে অনেক খুশি হয়ে আশীর্বাদ গ্রহণ করেন এবং সবাইকে সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নেন।
চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুলনাবাসীর উদ্দেশ্যে বলেন, যারা এখনো দেলুপি সিনেমা দেখেননি, তারা অবশ্যই দেখে আসবেন। কারণ খুলনা অঞ্চল তথা খুলনা, পাইকগাছা এবং দক্ষিণাঞ্চলের সার্বিক বাস্তবতা, মানুষের জীবনসংগ্রাম ও বন্যার প্রেক্ষাপট নিয়ে এই সিনেমা নির্মিত হয়েছে।
প্রদর্শনীর সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ৩টা, বিকাল ৫টা এবং সন্ধ্যা ৭টা।
মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুদ্র রায়। চলচ্চিত্রটি খুলনার দেলুটি ইউনিয়নের মানুষের জীবন, বন্যা ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত। প্রথম মুক্তিও হয়েছিল খুলনাতেই।
বিশেষ এই প্রদর্শনীতে পরিচালক, প্রধান অভিনেতা-অভিনেত্রীসহ অন্যান্য কলাকুশলীরাও উপস্থিত থাকবেন। দেশব্যাপী ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত দেলুপি আবারও খুলনার দর্শকদের জন্য একটি বিশেষ আয়োজন হয়ে উঠেছে।রুদ্র রায় খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের ছেলে। খুলনা শহরে তিনি একটি পরিচিত নাম। তাঁর নিজস্ব একটি প্রোডাকশন টিম রয়েছে, যারা নিজেরাই চলচ্চিত্র নির্মাণ করে থাকে। দেলুপি সিনেমায় রুদ্র শুধু অভিনয়ই করেননি, বরং পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলামের সঙ্গে কলাকৌশলী হিসেবেও কাজ করেছেন। এছাড়াও তিনি আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয়শিল্পী হিসেবে কাজ করে যাচ্ছেন। চিত্রশিল্পী মিলন বিশ্বাস সৃষ্টিকর্তার কাছে এই গুণীজনদের জন্য প্রার্থনা করেন।