মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩নং মীরপুর ইউনিয়নের শ্রীরামসী রসুলপুর গ্রামের বাসিন্দা লায়লন শাহ (৭০) তার পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগে একটি জরুরি সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লায়লন শাহ জানান, তিনি ও তার পুত্র বৈধভাবে কবালা দলিলের মাধ্যমে শ্রীরামসি মৌজার বিভিন্ন দাগে প্রায় ০.১৯ শতক জমিসহ কয়েকটি ভূমি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি একই গ্রামের কিছু ব্যক্তি অবৈধভাবে তার মালিকানাধীন জমি ও পাশ্ববর্তী সরকারি খাস জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
অভিযোগে উল্লেখ করা হয়, নেওয়ারুন বেগম জরিনা (৫৫), স্বামী মৃত আব্দুল মনাফ, জিতু মিয়া (৪০), পিতা মৃত সফাত উল্লাহ, এবং রুহেল মিয়া (৩৮), পিতা মৃত সরফ উল্লাহসহ আরও ৮ থেকে ১০ জন ব্যক্তি জোরপূর্বক বাড়ীর যোগাযোগের একমাত্র রাস্তায় পাকা দেয়াল নির্মাণের চেষ্টা করছেন। এতে করে লায়লন শাহের পরিবারের চলাচলের একমাত্র পথ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্তরা ইতোমধ্যে তার বাড়ির পূর্ব পাশে সরকারি রাস্তার উপর দেয়াল নির্মাণ করে পথ প্রায় বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে প্রতিবাদ জানালে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি ও হুমকি প্রদান করা হচ্ছে, যা তাদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
বর্তমানে পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। পরিবারের শিশু কিশোররা পর্যন্ত স্কুলে যেতে পারছেনা।
এবং বিকল্প কোনো চলাচলের পথ না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
লায়লন শাহ জানান, এ বিষয়ে ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—
১. অবিলম্বে অবৈধ দেয়াল নির্মাণ বন্ধ করতে হবে।
২. ইতোমধ্যে নির্মিত বাধা অপসারণ করতে হবে।
৩. তাদের বৈধ চলাচলের পথ পুনরুদ্ধার করতে হবে।
৪. জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
লায়লন শাহ বলেন, “আমরা আইনকে শ্রদ্ধা করি এবং আইনগতভাবেই আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। এজন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
সংবাদ সম্মেলনের শেষে তিনি সাংবাদিকদের সহযোগিতা ও গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি তুলে ধরার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ভুক্তভোগী লায়লন শাহ, আর্শদ আলী, কাওছার মিয়া সহ আরো অনেকে।