খুলনা অফিস:
খুলনার বিশিষ্ট নাগরিক নেতা ও সংগঠক আফজাল হোসেন রাজুর মায়ের মৃত্যুতে খুলনা আর্ট একাডেমি গভীর শোক প্রকাশ করেছে। খুলনা আর্ট একাডেমির সিনিয়র উপদেষ্টা আফজাল হোসেন রাজু প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর পর থেকেই প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। গত ৪ মে, সোমবার বিকেল ৬টা ২০ মিনিটে তাঁর মা নিজ বাড়িতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পোলেরহাট গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ধর্মীয় রীতি অনুযায়ী মঙ্গলবার সকাল ১১টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে কবর দেওয়া হবে। পারিবারিক ও সামাজিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত স্নেহশীলা ও মহৎ চরিত্রের অধিকারী। তাঁর আদর্শ ও শিক্ষায় গড়ে ওঠা সন্তান আফজাল হোসেন রাজু আজ একজন দেশপ্রেমিক ও সমাজসেবক হিসেবে সুপরিচিত। এ কারণেই খুলনার সমাজকর্মীদের কাছে ‘রাজু’ নামটি অত্যন্ত পরিচিত ও সম্মানের। আফজাল হোসেন রাজু খুলনা নাগরিক সমাজের একজন সক্রিয় সদস্য এবং ‘আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম’-এর সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। খুলনা আর্ট একাডেমি তাঁর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।