মো: মুনজুর আলম, বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি
খুলনা-১ আসনে বিএনপির ঐতিহাসিক জয়, দাকোপ-বটিয়াঘাটায় আনন্দের জোয়ার
খুলনা-১ আসন (দাকোপ–বটিয়াঘাটা) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব আমির এজাজ খান বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয় অর্জন করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট।
এই জয়ের মাধ্যমে খুলনা-১ আসন-এর দাকোপ ও বটিয়াঘাটার জনগণ তাদের প্রত্যাশা ও অঙ্গীকার বাস্তবায়ন করলেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই দাকোপ ও বটিয়াঘাটা জুড়ে শুরু হয় আনন্দ মিছিল, উচ্ছ্বাস ও শুভেচ্ছার ঢল। সাধারণ মানুষ এই বিজয়কে গণরায় ও পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন।
নির্বাচনের আগে আলহাজ্ব আমির এজাজ খানকে দাকোপ-বটিয়াঘাটার জনগণ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন“আমরা আপনাকে বিপুল ভোটে জয়লাভ করাবো”ভোটের ফলাফলের মধ্য দিয়ে সেই কথাই রাখলেন তারা।
বিজয়ের প্রতিক্রিয়ায় আলহাজ্ব আমির এজাজ খান বলেন,
“এই বিজয় আমার একার নয়, এই বিজয় দাকোপ ও বটিয়াঘাটার প্রতিটি মানুষের। আপনারা যে ভালোবাসা ও বিশ্বাস দেখিয়েছেন, তার ঋণ আমি আজীবন বহন করবো। ইনশাআল্লাহ, খুলনা-১ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো, যেন এটি সারা বাংলাদেশের মধ্যে একটি উদাহরণ হয়ে দাঁড়ায়।
তিনি আরও বলেন,
“জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য। দাকোপ ও বটিয়াঘাটার উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে আমি আপসহীনভাবে কাজ করবো।
এদিকে স্থানীয় জনগণ আশা প্রকাশ করেছেন, আলহাজ্ব আমির এজাজ খানের নেতৃত্বে খুলনা-১ আসন আগামী দিনে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে একটি পরিচিত রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।