খুলনা অফিস:
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের জন্য রান্না করা মাংস দীর্ঘদিন ধরে চুরি হওয়ার ব্যাপারে উত্থাপিত অভিযোগ খতিয়ে দেখে প্রকৃত সত্য উদঘাটন এবং সত্যতার আলোকে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহবান খুলনা নাগরিক সমাজ নেতৃবৃন্দের। সংগঠনটির পক্ষে সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডঃ আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার এক বিবৃতিতে বলেন, গণমাধ্যম একাধিকবার প্রচারিত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রান্না ঘরের রান্না করা মাংস চুরির বিষয়টি কর্তৃপক্ষের নজরে নেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এটি অব্যাহত রয়েছে। সর্বশেষ একটি গণমাধ্যমের প্রতিবেদনের ভিডিও ফুটেজে বিষয়টি স্পষ্ট প্রতীয়মান। নেতৃবৃন্দ আশংকা প্রকাশ করেন, প্রকাশিত এ চুরির বাইরেও আরো চুরির ঘটনা ঘটার বিষয়টি হয়তো জনসম্মুখে আসছে না। এব্যাপারে যথাযথ মনিটরিং, পর্বের এবং চলমান ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করে রোগীদের জন্য বরাদ্ধকৃত খাবারের যথাযথ ব্যবহার তথা সরকারি সম্পদ পাচার – লুটপাট বন্ধে উদ্যোগ গ্রহণের আহবান জানানো হয় বিবৃতিতে।