মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলায় আসন্ন এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল ২০২৬-কে সামনে রেখে দেখা দিয়েছে তীব্র বিদ্যুৎ সংকট। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে, বিশেষ করে রাতের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে হারিকেন বা মোমবাতির আলোয় পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এতে যেমন চোখের সমস্যা ও শারীরিক কষ্ট বাড়ছে, তেমনি পড়াশোনার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
এদিকে, চলমান গরম আবহাওয়ায় বিদ্যুৎ না থাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাতের বেলায় তীব্র গরমে ঘুমাতে না পেরে শিক্ষার্থীরা ক্লান্ত হয়ে পড়ছে, যা তাদের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। অনেক অভিভাবক অভিযোগ করেন, বিদ্যুৎ সংকটের কারণে সন্তানদের পড়াশোনার পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে।
ডিমলা উপজেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, যদিও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তবুও সাম্প্রতিক সময়ে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গরমের তীব্রতা বেড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান কামনা করেছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে অন্তত পরীক্ষার আগে ও পরীক্ষাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।