লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস গঠনের লক্ষ্যে ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় ব্যতিক্রমধর্মী সংগঠন ‘ডিবেটার্স ফোরাম চুনতি’। তরুণদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও নেতৃত্বগুণ বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে এটি ইতোমধ্যেই সবার দৃষ্টি কেড়েছে।
সংগঠনটি প্রতি শনিবার নিয়মিতভাবে কর্মশালার আয়োজন করে, যেখানে অংশগ্রহণকারীরা বিতর্ক কৌশল, পাবলিক স্পিকিং, কমিউনিকেশন স্কিল, দলগত কাজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে।
মাসের শেষে অনুষ্ঠিত হয় মাসিক বিতর্ক প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা তাদের অর্জিত দক্ষতা প্রয়োগের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। এসব প্রতিযোগিতা কেবল বক্তৃতায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে।
ডিবেটার্স ফোরাম চুনতির কার্যক্রমসমূহের মধ্যে রয়েছে—
• নিয়মিত কর্মশালা আয়োজন
• নিয়মিত প্রশিক্ষণমূলক প্রতিযোগিতা
• বিশেষায়িত দিবস উপলক্ষে প্রতিযোগিতা আয়োজন
• সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
• লেখালেখি কর্মশালা
• দলীয় কার্যক্রম ও নেতৃত্ব প্রশিক্ষণ
• মূল্যবোধ ও নৈতিকতা বিষয়ক আলোচনা
সংগঠনটির সভাপতি এবিএম গোলাম রব্বানী বলেন,
“আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে মেধা ও সৃজনশীলতা বৃদ্ধি করা। আমরা চাই চুনতি এলাকার প্রতিটি শিক্ষার্থী যেন নিজের ভাবনা স্পষ্টভাবে প্রকাশ করতে পারে এবং তার মেধার যথাযথ মূল্যায়ন পায়।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ডিবেটার্স ফোরাম চুনতির সাবেক সভাপতি আবু দাউদ মুহাম্মদ ফুয়াদ বলেন,
“একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তিশালী আদর্শিক ভিত্তির বিকল্প নেই। কোনো সমাজ বা জাতির উন্নয়নের জন্য তার যুবসমাজকে শিক্ষিত, সৃজনশীল ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলা জরুরি। ডিবেটার্স ফোরাম চুনতি সেই লক্ষ্যেই সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।”
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ডিবেটার্স ফোরাম চুনতির উপদেষ্টা আব্দুল্লাহ কাফি বলেন,
“বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি, নৈতিকতা ও আত্মবিশ্বাস গড়ে তুলে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে কাজ করব ইনশাআল্লাহ।”