মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ব্যাটারিচালিত টমটম (মিশুক) গাড়ি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলার পাটলী ইউনিয়নের কচুরকান্দি গ্রামের মো. ফারুক আলী বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মিজান মিয়াসহ ৫জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন। তারা সবাই স্থানীয় পাটলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:২০ থেকে ১০:৩০ মিনিটের মধ্যে জগন্নাথপুর থানাধীন রসুলগঞ্জ বাজারের লাউতলা পয়েন্ট থেকে ফারুক আলীর মালিকানাধীন ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের টমটম গাড়িটি চুরি হয়। অনেক খোঁজাখুঁজির পর গত ২৯ মার্চ সন্ধ্যা ৭টার দিকে বাদী খবর পান যে, শান্তিগঞ্জ থানাধীন পাগলা ইউনিয়নের সদরপুর বাজারে একটি টমটম গাড়ি চুরির সন্দেহে স্থানীয় জনতা আটকে রেখেছে।
সংবাদ পেয়ে ফারুক আলী সাক্ষীসহ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি নিজের বলে শনাক্ত করেন। সেখানে জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত মিজান মিয়া গাড়িটি বিক্রির উদ্দেশ্যে জনৈক সুহেল আহমদের দোকানে নিয়ে যান এবং বায়না বাবদ ১০ হাজার টাকা গ্রহণ করেন। তবে গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এবং স্থানীয়দের সন্দেহ হওয়ায় অভিযুক্তরা গাড়িটি ফেলে রেখে মিজানসহ সবাই কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ-বিচারের চেষ্টা করা হলেও অভিযুক্তরা উপস্থিত না হওয়ায় এবং সুষ্ঠু সমাধান না মেলায় বাদী প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
ভুক্তভোগী ফারুক আলী এই চোরচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। জগন্নাথপুর উপজেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভুক্তভোগী পরিবার।