বিভাগীয় ব্যুরো প্রধান,খুলনা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) একদিনের সফরে খুলনা পরিদর্শন করেছেন। দুপুর ১২টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি খুলনা বিজিবি সেক্টর সদর দপ্তরের হেলিপ্যাডে অবতরণ করেন।
সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ বর্ডার গার্ডের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম-সেবা, পিপিএম এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি।
হেলিপ্যাডে স্বরাষ্ট্র উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানান খুলনা বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মোখতার আহমেদ, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, যশোর রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি এবং খুলনা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, পিএসসি।
এরপর দুপুর ১২টা ৪৫ মিনিটে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতা ও নিষ্ঠার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনিয়ম, শৈথিল্য বা দায়িত্বে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে তিনি খুলনা বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে সতর্ক থাকার নির্দেশনা দেন।
মতবিনিময় সভা শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে স্বরাষ্ট্র উপদেষ্টা হেলিকপ্টারযোগে খুলনা ত্যাগ করেন। সভায় খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।