বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
নিখোঁজের ৫ দিন পর পাশের বাড়ির পুকুর পাড়ের জঙ্গলের একটি গাছ থেকে রাজমিনা বেগম (২২) নামের এক তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাউপুর গ্রামের ফরিদ আলীর বাড়ির পিছনের পুকুর পাড়ের জঙ্গল থেকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। কাউপুর গ্রামের কৃষক রশিদ আলীর কন্যা রাজমিনা বেগম নিখোঁজের পর শুক্রবার (২৪ এপ্রিল) থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করে ছিলেন পিতা। রাজমিনার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টা থেকে রাজমিনা বেগমকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুজি করেও রাজমিনার সন্ধান না পেয়ে নিখোঁজের পর দিন বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেন পিতা রশিদ আলী। আর শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে কাউপুর গ্রামের ফরিদ আলীর চাচা মারফত আলী বাড়ির পেছনের পুকুর পাড়ের জঙ্গলে মুর্তা কাটতে গিয়ে পঁচা দূর্গন্ধ পান। সেই দূর্গন্ধ কিসের তা দেখার জন্য তিনি সামনে এগিয়ে গিয়ে বাউন্ডারী দেয়ালের পাশে থাকা একটি ছোট করচ গাছে রাজমিনার পঁচা লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর এলাকাবাসী স্থানীয় ইউপি মেম্বার আফিজ আলীর মাধ্যমে থানা পুলিশকে খবরটি দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আফিজ আলী বলেন, গত মঙ্গলবার রাজমিনা বেগম নিখোঁজ হয়। এব্যাপারে তার পিতা শুক্রবার (২৪ এপ্রিল) থানায় একটি জিডিও দায়ের করে ছিলেন। আজ স্থানীয়দের কাছ থেকে ঘটনাস্থলে এসে দেখতে পেলাম ‘লাশটি থেকে পঁচে দূর্গন্ধ বের হচ্ছে ও লাশে পোকা ধরেছে। চেনাও যাচ্ছে না।’ তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। মৃত্যুর কারণ জানা যায়নি। সঠিক কারণ উদ্ধারের জন্য পুলিশী তদন্ত শুরু করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫