মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার
নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত হয়—হাসান রাব্বী প্রধান ও মনঞ্জুরুল আলম সিয়াম এক বছর করে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। একই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিল্লাদুর রহমান মামুন।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে আরটিভির জেলা প্রতিনিধি হাসান রাব্বী প্রধান এবং মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি মনঞ্জুরুল আলম সিয়াম সমান সংখ্যক ভোট লাভ করেন। পরে সংগঠনের স্বার্থে উভয় প্রার্থী সমঝোতায় পৌঁছান এবং দায়িত্ব ভাগাভাগি করে পালনের সিদ্ধান্ত নেন।
সাধারণ সম্পাদক পদে এটিএন নিউজের প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন বিজয়ী হন।
নির্বাচনের অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভুবন রায় নিখিল (বাসস), আনোয়ারুল আলম প্রধান (চ্যানেল আই), শীষ রহমান (ইত্তেফাক) ও মোস্তাফিজুর রহমান সবুজ (সাপ্তাহিক নীল চোখ)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাসির উদ্দিন শাহ মিলন (দিনকাল) এবং আব্দুর রশিদ শাহ (নিউজ ২৪)।
এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে এম আর চৌধুরী রাজু (ডেইলি সান), অর্থ সম্পাদক এম আবুল হোসেন শাহ (বাণিজ্য প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈম শাহ (কালের কণ্ঠ) এবং ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন (খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন—মীর মাহমুদুল হাসান আস্তাক (প্রথম আলো), কাজী মাহবুবুল হক দোদুল (নীলকথা), সাদেকুর রহমান শাহ স্কলার (আজকের বিজনেস বাংলাদেশ), বাপ্পী রহমান (নিউ এইজ), বিএম খাজা নেওয়াজ (আমার বার্তা), মুসফিকুর রহমান সৈকত (ইনকিলাব) ও আলী সাদ্দাম (সিএন বাংলা)।
কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদের মধ্যে ১৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি দুই পদে সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক হিসেবে আব্দুল বারী (বাংলাদেশ প্রতিদিন) এবং তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম (আমাদের পত্রিকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার মো. সামসুল ইসলাম জানান, প্রেসক্লাবের মোট ৫২ জন ভোটারের মধ্যে ৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
সভাপতি পদে সমান ভোট পাওয়া এবং দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার ঘটনা নীলফামারী প্রেসক্লাবের ইতিহাসে বিরল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এই সমঝোতা সংগঠনের ঐক্য ও কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।