মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করায় ‘ক্লাসিক্যাল সুইটস’ নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।
৬ মে,বুধবার, দুপুরে উপজেলার স্কুল রোড সংলগ্ন এলাকায় অবস্থিত ওই কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।
অভিযান সূত্রে জানা যায়, ইতিপূর্বেও অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির দায়ে এই কারখানাটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। সে সময় কারখানার সমস্ত মিষ্টি বিনষ্ট করে দিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছিল প্রশাসন। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এবং পরিবেশের কোনো উন্নতি না ঘটিয়ে পুনরায় উৎপাদন শুরু করায় আজ ফের সেখানে অভিযান চালানো হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সরকারি নির্দেশনা অমান্য করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার স্বত্বাধিকারী আতিকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন: "জনস্বাস্থ্য রক্ষায় আমরা কোনো আপস করব না। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। ইতিপূর্বেও তাদের সতর্ক করে সিলগালা করা হয়েছিল। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫