মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টানা অভিযানে বড় সাফল্য পাওয়া গেছে। পৃথক দুটি অভিযানে অস্ত্রসহ কালা বাবুল এবং ওয়ারেন্টভুক্ত আসামি আবু তাহেরকে আটক করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে।
আটক কালা বাবুল (৩৫) বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকফিরানী এলাকার বাসিন্দা এবং মো. ইউনুসের পুত্র। তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। অভিযানকালে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি এলজি, দুটি কার্তুজ, সাতটি রামদা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া একই এলাকার অপর একটি বাড়িতে চালানো অভিযানে আটক করা হয় আবু তাহেরকে (৬৫)। তিনি সন্ত্রাসী তৌহিদ বাহিনীর প্রধান তৌহিদের পিতা ও মৃত আনু মিয়ার পুত্র। আবু তাহের একটি মামলার চার্জশিটভুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযান শেষে আটককৃত দুজনকেই লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ আটক কালা বাবুলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, এলাকায় অপরাধ দমনে যৌথ বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।