স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লা উত্তর কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে প্রায় ১৫০টি অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা ও মেম্বার পদপ্রার্থী কাজী আইয়ুব আলীর উদ্যোগে বৃহস্পতিবার (১৯ মার্চ) এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দরিদ্র মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, যা ঈদের প্রস্তুতিতে উপকারে আসবে বলে জানান আয়োজকরা। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করে।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা উত্তর থানার শুরা ও কর্মপরিষদের সদস্য ওমর ফারুক নোমানী, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ইউনুসসহ অন্যান্য নেতাকর্মীরা। তাদের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে উপকারভোগীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কাজী আইয়ুব আলী বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও সংযমের শিক্ষা দেয়। তিনি বলেন, ঈদ শুধুমাত্র আনন্দের উৎসব নয়, বরং এটি ভ্রাতৃত্ব, সাম্য ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, একটি সমাজ যদি ন্যায়, সততা ও নৈতিকতার ভিত্তিতে গড়ে ওঠে, তাহলে সেই সমাজের ইতিবাচক প্রভাব রাষ্ট্রের সার্বিক উন্নয়নে প্রতিফলিত হয়। জনগণের সেবা করাই তার মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, “আমি আপনাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে পাশে থাকতে চাই। আপনাদের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে সততার সঙ্গে কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।”
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও সমাজ থেকে অন্যায়-অনাচার দূর করে একটি আদর্শ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের ঐক্য ও সহযোগিতার মাধ্যমেই একটি আলোকিত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
শেষে কাজী আইয়ুব আলী ৩ নম্বর ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।