মোঃ রফিকুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পোরশা থানা পুলিশ একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সম্পদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটির ওজন প্রায় ১৩৭ কেজি বলে জানা গেছে।
গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., বুধবার দিবাগত রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশ জানতে পারে যে, পোরশা থানাধীন ০১ নম্বর নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামে জনৈক রহমতের বাড়ির পশ্চিম পাশে অবস্থিত পারিবারিক কবরস্থানে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
সংবাদ প্রাপ্তির পর পুলিশ সুপার, নওগাঁ মহোদয়ের নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল রাত আনুমানিক ১১টা ০৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। কবরস্থানের মাঝামাঝি স্থানে একটি আমগাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি বিধি মোতাবেক উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি এবং ওজন প্রায় ১৩৭ (একশত সাঁইত্রিশ) কেজি। উপস্থিত সাক্ষীদের সামনে মূর্তিটি জব্দ করা হয় এবং বর্তমানে তা থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটি প্রায় হাজার বছর পূর্বের এবং এটি একটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ।
এ ঘটনায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।