মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নিলফামারী
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার-এর উদ্যোগ ও নেতৃত্বে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ব্যাপক পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি হাসপাতালের সার্বিক অবস্থা পরিদর্শন করেন। এ সময় ওয়ার্ড, বহির্বিভাগ, জরুরি বিভাগসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং রোগীসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে হাসপাতাল চত্বরে জমে থাকা ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনার কিছু দুর্বলতা তার নজরে আসে।
পরিস্থিতি দেখে তাৎক্ষণিকভাবে তিনি নিজেই ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করেন। পরে দলীয় নেতাকর্মী, হাসপাতাল কর্তৃপক্ষ, পরিচ্ছন্নতা কর্মী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা অভিযানে যুক্ত হন। তারা হাসপাতাল প্রাঙ্গণের আগাছা পরিষ্কার, ড্রেন পরিস্কার, বর্জ্য অপসারণ এবং বিভিন্ন ওয়ার্ড জীবাণুমুক্তকরণে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রুকুনুজ্জামান বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য বলেন, “হাসপাতাল এমন একটি স্থান, যেখানে মানুষ সুস্থতার প্রত্যাশা নিয়ে আসে। এখানে অপরিচ্ছন্ন পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা একদিনের কাজ নয়; এটি একটি চলমান প্রক্রিয়া। হাসপাতালের ভেতর-বাহিরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা চালু রাখা, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং পানির লাইনের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি চিকিৎসক, নার্স ও কর্মচারীর সংকট নিরসনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এমপির এ উদ্যোগ হাসপাতালের পরিবেশ উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। চিকিৎসক ও নার্সরাও নিয়মিত তদারকির মাধ্যমে পরিচ্ছন্নতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।