মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
সুশাসন নিশ্চিত এবং অনিয়ম নিয়ন্ত্রণে নীলফামারী জেলা প্রশাসন ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করেছে। এর অংশ হিসেবে ডিমলা উপজেলায় শুরু হয়েছে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম। ইতোমধ্যে উপজেলার ১০টি ইউনিয়নের ২ হাজার ৫০০ নিবন্ধিত ও বৈধ মোটরসাইকেল চালক এবং প্রায় ৩ হাজার ৫০০ প্রান্তিক কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের সুষম বণ্টন নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৯ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়। শুধুমাত্র উপজেলার স্থায়ী বাসিন্দা এবং এখানে কর্মরত সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা আবেদন করার সুযোগ পান।
ফুয়েল কার্ডধারীরা জেলার যেকোনো ফিলিং স্টেশন থেকে নির্ধারিত মাসিক পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। প্রশাসনের ধারণা, এর ফলে তেল সরবরাহ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত হবে।
ইউনিয়নভিত্তিক তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন সরকারি দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়। পরে সংগৃহীত তথ্য তিন সদস্যের একটি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই শেষে ২ হাজার ৫০০ বৈধ মোটরসাইকেল চালককে তালিকাভুক্ত করা হয়। একই সঙ্গে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রান্তিক কৃষকদেরও এই সুবিধার আওতায় আনা হয়েছে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন মালিকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, তেলের মজুত ও সরবরাহে ভারসাম্য বজায় রাখা এবং অতিরিক্ত মজুত প্রবণতা রোধ করতেই এ ব্যবস্থা চালু করা হয়েছে।
জ্বালানি সরবরাহের দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি ফিলিং স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তদারকি জোরদারে পৃথক মনিটরিং টিম মাঠে কাজ করবে বলে জানিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকেই জেলার সব ফিলিং স্টেশনে এ নির্দেশনা বাস্তবায়নে তদারকি কার্যক্রম শুরু হবে।
স্থানীয় মোটরসাইকেল চালকরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এতে তেলের অপচয় ও অনিয়ম কমবে এবং পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তিও কমবে।
কার্ড বিতরণকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে চালকদের ভিড় লক্ষ্য করা যায়। স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মধ্যেও সন্তোষ প্রকাশ পেয়েছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, “ভবিষ্যতে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে আরও ফুয়েল কার্ড ইস্যু করা হবে। এই উদ্যোগের মাধ্যমে উপজেলায় জ্বালানি ব্যবস্থাপনায় একটি কার্যকর ও টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫