মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (জামায়াতে ইসলামী)-এর মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা তোফায়েল আহমদ খাঁনের নেতৃত্বে আজ (০৩-০২-২০২৬) রোজ মঙ্গলবার আসরের নামাজের পর ধর্মপাশায় দাঁড়িপাল্লার পক্ষে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটিতে জামায়াতের উপজেলা আমির বোরহান উদ্দিন, উপজেলা সেক্রেটারি কাজী মোখলেসুর রহমান আমিন, সহকারি সেক্রেটারি হাফিজুল ইসলাম সোহেল সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি ধর্মপাশা বাজারের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে গণসংযোগ কার্যক্রম চালায়।
পরে এক পথসভায় বক্তারা জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন কামনা করেন। তারা দেশের সার্বিক উন্নয়ন, শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা এবং নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা দাবি করেন, দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।
এ সময় তারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানান। এই গণমিছিল ও পথসভার মধ্য দিয়ে সুনামগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।