রাজশাহী প্রতিনিধি:
১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারাভিযানের অংশ হিসেবে আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ীস্থ গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জনসভা সফল করার লক্ষ্যে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে গোদাগাড়ী উপজেলার তৈমুর রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রাজশাহী জেলার ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উক্ত জনসভা শুধুমাত্র একটি নির্বাচনী প্রচারণা নয়; বরং এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে একটি ঐতিহাসিক গণসমাবেশ হিসেবে বিবেচিত হবে।
বক্তারা বলেন, ২০২৪ সালের গণআন্দোলন ছিল দীর্ঘদিনের বঞ্চনা, অনিয়ম, ভোটাধিকার হরণ ও একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। সেই আন্দোলনে ছাত্র, শ্রমিক, পেশাজীবী, আলেম-ওলামা, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে প্রমাণ করেছে—জনগণের সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।
তারা আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের ধারাবাহিকতায় প্রণীত জুলাই সনদ একটি নৈতিক ও রাজনৈতিক অঙ্গীকার। এই সনদে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা, নির্বাচন কমিশন ও প্রশাসনকে নিরপেক্ষ রাখা এবং জনগণের হাতে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার সুস্পষ্ট দাবি উত্থাপন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৫ ফেব্রুয়ারির জনসভায় ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের পক্ষে ভোট প্রদানের পাশাপাশি জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হবে।
এ সময় রাজশাহী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়—সংবাদ সম্মেলন ও জনসভার বার্তা যেন দায়িত্বশীল ও সত্যনিষ্ঠভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়।
বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ ভূমিকা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। তাই প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সকল কর্মীদের সম্মেলন ও জনসভায় উপস্থিত থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে ১১ দলীয় জোটের সকল শরিক দল, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এবং গণতন্ত্রকামী নাগরিক সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলা হয়—আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের পক্ষে দাঁড়াই এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—
১. জেলা আমীর: অধ্যক্ষ আব্দুল খালেক
২. জেলা সেক্রেটারি: মো. গোলাম মর্তুজা
৩. জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি: ড. ওবায়দুল্লাহ
৪. জেলা ওলামা বিভাগের সভাপতি: মাওলানা সিরাজুল ইসলাম
৫. জেলা প্রচার সম্পাদক: মো. শহিদুল্লাহ
এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. রেজওয়ানুল ইসলাম, জেলা নেতা আব্দুল মোমিনসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।