ব্যুরো প্রধান খুলনা:
খুলনার ডুমুরিয়া উপজেলায় “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (IPHN)-এর আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল মল্লিক বলেন, “সুস্থ ও সবল জাতি গঠনে প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি ও ফলমূল রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে প্যাকেটজাত ও অস্বাস্থ্যকর খাবার বর্জন করে রান্নায় পুষ্টিগুণ বজায় রাখা অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, পুষ্টিগুণসমৃদ্ধ খাবার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যা একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে সুষম খাদ্যাভ্যাস, নিরাপদ খাদ্য নির্বাচন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, এমটিপিআই মো. শাহআলম, সাংবাদিক মো. আজহারুল ইসলামসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলা, দেশীয় শস্য ও মৌসুমি সবজি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (IPHN)-এর এ ধরনের সময়োপযোগী উদ্যোগ দেশের মানুষের খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫