ওগো সুন্দর চাঁদ , ঐ আকাশের গায়,
তোমায় ছুঁতে চায় এ মন সারাক্ষণ।
জোছনায় ভিজে যায় এ হৃদয়খানি,
তোমার আলোয় খেলে কত স্বপ্নরাণী।
আকাশের তারারা সব তোমারই সাথী ,
মন মজে থাকে এই আলো – ঝরা রাত্রি।
কত কবি জেগে জেগে লিখে যায় গান,
তোমার রূপেতে হাসে কাগজের প্রাণ।
কলমে ফুটে ওঠে কত আঁকা ছবি,
তোমায় দেখেই তো মন হয়ে যায় কবি।
পূর্ণিমা রাতে তারা হাসে আকাশে,
মনটা আমার হারায় মুগ্ধ উচ্ছাসে।
বাতাসে ভেসে আসে সুর সুমধুর ,
তোমার আলোয় কাটে আধার প্রচুর।
পাখিরাও চুপিচুপি কথা বলে যায়,
মনের সব ব্যথা যেন আঁচলে লুকায়।
শিশির ভেজা ঘাসে ফুল ফুটে উঠে,
চাঁদের মায়ায় সব ভালোবাসা জোটে।
সুখ – দুঃখ মিলেমিশে বাজে ঐ বাঁশি ,
তুমি থাকলে আকাশ হয় আলোক রাশি।