কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় মাহফিলের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগের এক কর্মীর লোকজনের হামলায় বিএনপির তিন কর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে উপজেলার মহারাজপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—মাদারবাড়িয়া গ্রামের মো. ইদ্রিস আলী সানা (৩০) মোঃ ইব্রাহিম সানা (৩২) ও কয়রা উপজেলা জাসাসের সদস্য খলিল। স্থানীয় সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের বায়লাহারানিয়া গ্রামের বাসিন্দা ও সাবেক যুবলীগ কর্মী মোঃ হানিফ সানা (৩৫) ও তাঁর সহযোগীরা এ হামলায় জড়িত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বটতলা বাজারে অবস্থান করছিলেন ইদ্রিস ও ইব্রাহিম। এ সময় সাবেক যুবলীগ নেতা হানিফ সানার নেতৃত্বে ৩–৪ জনের একটি দল দেশীয় অস্ত্র—হাতুড়ি লোহার রড ও রেঞ্জ নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে ইদ্রিস আলী সানার মাথা ফেটে যায় এবং ইব্রাহিম খলিল সানার বাম হাত ভেঙে যায়। হামলায় আরও একজন আহত হন বলে জানা গেছে।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, আগের দিন পাশ্ববর্তী এলাকায় একটি ওয়াজ মাহফিলে তুচ্ছ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত হানিফ সানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫