কবি: মুহাম্মাদ বায়েজিদ বোস্তামী
কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
ভালো হলেই শত্রু জোটে-এ কেমন সময়কাল,
সাফল্যের আলোয় ঘেরা যেন হিংসার মায়াজাল।
নিজের পথে চললেই বলে অপরাধের নাম,
না চললেও দোষী হয়-কোথায় সত্যের দাম?
পরিবারে প্রশ্ন ওঠে, সমাজ করে বিচার,
কর্মক্ষেত্রে নীরব লড়াই, ষড়যন্ত্রের শিকার।
দায়িত্ব যদি পালন করে, তবুও মেলে দোষ,
না করলে তো নিন্দার স্রোতে ডোবায় নন্দ ঘোষ।
যখনই কেউ উঠতে চায় একটু উচ্চ সোপান,
বেহুশ হয়ে আপ্রাণ চেষ্টায় পিছনে চালায় টান।
সামনে হাসি, প্রশংসার ঢেউ-মিষ্টি কথার ছল,
পিছনে নিন্দার বাণ ভাঙে বিষের আরেক দল।
বদনামেরই গল্প বোনা, মিথ্যার কারুকাজ,
কারসাজির জালে পড়ে সত্য হারায় লাজ।
তারা বলে-“সব নিয়ম কি একা মানা যায়?”
“অন্যায়ের সাথে মিশে যাও, তবেই শান্তি পায়।”
ষড়যন্ত্রের আঁধার ঘরে গড়ে গোপন ফাঁদ,
অন্যের ক্ষতিই বদ্ধমূলে মিটায় মনের সাধ।
পরকালের হিসাব ভুলে ক্ষণিক স্বার্থ খোঁজে,
বিবেকহীন মন কী আর হিংসার মানে বোঝে?
স্বার্থে যদি লাগে আঘাত, বদলে ফেলে রূপ,
সত্য-মিথ্যার সীমা ভেঙে থাকে যে নিশ্চুপ।
নিজের দোষ না দেখে যেন তারাই চমৎকার,
অন্যের ক্ষতিতে মাতোয়ারা তারা-এ কেমন অহংকার?
ছদ্মবেশী এই নগরীতে থেকো দৃঢ় প্রাণ,
আলো হয়ে জ্বলে থাকাই তোমার সেরা জ্ঞান।
মিথ্যার স্লোগান মুছে দিয়ে সত্যের হবে গান,
সত্যের আলো জেগে ঘটবে মিথ্যার অবসান।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫