কলমেঃ শিরিনা আক্তার
সোনার রোদের সোনালি আলোয়
জেগে ওঠে প্রভা,
মেতে ওঠে মন।
এলোমেলো ঢেউ ছুটে চলে
দিগন্তের ঠিকানাহীন পথে।
কখনো আড়ালে লুকিয়ে থাকে
মনের গোপন ক্যানভাস,
ঠিক যেন পটচ্ছায়ায়
অন্তহীন অবকাশ যাপন।
তখন হারিয়ে যাওয়া
বছর, মাস, দিনক্ষণ—
নিস্তব্ধ ছন্দপতনে
ঝরে পড়ে নিঃশব্দে।
স্পষ্টতার পর
বেলোয়ারি চুড়ির মতো
ভেঙে যায়
বিষণ্ন স্বপ্ন-নীল।
হঠাৎ অবচেতন মন
দুর্নিবার ভাষায় কথা বলে,
জেগে ওঠে স্মৃতিরা পুনঃ
খুঁজে ফেরে প্রভাকর।
অহর্নিশ কড়া নাড়ে
বন্ধ দরজার ওপারে।
ময়ূরের পাখনার মতো
মন মেলে দেয় রঙিন বিস্তার,
বসন্ত হাওয়ায় দুলে দুলে
ফিরে পায় শ্রান্তির আশ্রয়।
থেমে যায় মরুঝড়,
নিভে আসে দহন।
বিবর্তনের সব সীমানা পেরিয়ে
সে এখন তৃতীয়া—
অগোছালো স্বপ্নগুলো
জাগরণে খুঁজে পায় সন্ধিক্ষণ।
শিহরিত হৃদয় হঠাৎ বলে ওঠে—
“ইউরেকা!”
তুমি-ই প্রথম।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-90722
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫